পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাবে। ফলে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়ে যাবে প্রায় ১ দশমিক ২৩ ভাগ। একইসঙ্গে পদ্মার ওপারে জেলাগুলোর পরিস্থিতিই পাল্টে যাবে।
মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের জিডিপি বেড়ে যাবে ২ দশমিক ৬ ভাগ। স্বপ্নের এই সেতুটি ইতিমধ্যেই ৩৩ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। মূল সেতুর ৪২টি পাইলের মধ্যে ৫টি পাইলের কাজ শুরু হয়েছে। সেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণ, হুকুম দখল, ভূমি উন্নয়ন এবং পুনর্বসনের কাজ প্রায় শেষের দিকে। পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানালেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।
শুক্রবার পরিকল্পণামন্ত্রী আহম মুস্তফা কামাল এই পদ্মা সেতু নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় পরিকল্পণামন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পণামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, কোনো ষড়যন্ত্রই আমাদের আটকাতে পারেনি। নিজস্ব অর্থায়নেই আমরা পদ্মা সেতু করছি। আগামী ২০১৮ সালের মধ্যেই এই সেতু নির্মাণের কাজ শেষ হবে।
পরিদর্শন শেষে মাওয়া প্রান্তে সাংবাদিকদের তিনি আরো বলেন, বিশ্বব্যাংক একবার অর্থায়ন প্রত্যাহার করলেও পরবর্তীতে তারা এই প্রকল্পে বিনিয়োগ করতে এসেছিলো কিন্তু আমরা তাদের অর্থ নেইনি। এ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল, অনেক চক্রান্ত হয়েছিল কিন্তু সেটি সফল হয়নি। IMG0
তিনি বলেন, আমরা বড় বড় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাচ্ছি।
পরিদর্শনকালে প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতুর মোট ভৌত কাজের অগ্রগতি হয়েছে ৩৩ শতাংশ। মোট ৬টি ভাগে বাস্তবায়ন হচ্ছে পদ্মা সেতুর কাজ। এর মধ্যে মূল সেতুর কাজ শেষ হয়েছে ২১ দশমিক ৫০ শতাংশ, নদী শাসন কাজের অগ্রগতি হয়েছে ১৮ দশমিক ২৩ শতাংশ, জাজিরা সংযোগ সড়কের ৬৮ দশশিক ৭০ শতাংশ, মাওয়া সংযোগ সড়কের বাস্তবায়ন হয়েছে ৭৯ দশমিক ২০ শতাংশ কাজ এবং সার্ভিস এরিয়া-২ এর অগ্রগতি হয়েছে ৮৫ শতাংশ কাজ। টোল প্লাজা, পুলিশ স্টেশন ও ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে।
এসময় আরো জানানো হয়, এ সেতুটি দক্ষিণ অঞ্চলের ১৯টি জেলার সঙ্গে ঢাকাসহ পূর্বাঞ্চলের যোগাযোগ স্থাপন করবে। তা ছাড়া এটি এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করবে।
