মারাত্মক রূপ নিয়েছে কানাডার দাবানল

আপডেট : ০৭ মে ২০১৬, ১১:৪৫
এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি কানাডার আলবার্টা রাজ্যের দাবানল। আগুনের লেলিহান শিখার কারণে ফোর্ট ম্যাকমুরে শহরের উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
 
পুলিশ জানিয়েছে, শহর থেকে বাইরে যাওয়ার রাস্তাটির দুই পাশেই আগুনের শিখা ২০০ ফুট পর্যন্ত উঠে যাচ্ছে। এর ফলে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে। ঘন ধোঁয়ার কারণে প্রায় দেড় হাজার গাড়ি রাস্তায় আটকা পড়েছে।
 
গত সপ্তাহের শুরুর দিকে লাগা দাবানলে ফোর্ট ম্যাকমুরে শহরের একাংশ পুড়ে ছারখার হয়ে যায়। কর্মকর্তারা বলছেন, আগামী ২৪ ঘণ্টায় দ্বিগুণ এলাকায় ছড়িয়ে পড়তে পারে আগুন।
 
শহর খালি করে দিতে বাসিন্দাদের নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে গত শুক্রবার প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ আকাশ পথে শহর ছেড়েছেন। শনিবার আরো চার হাজার জনের যাওয়ার কথা রয়েছে।
 
ইতিমধ্যে ১০ হাজার মানুষ ফোর্ট ম্যাকমুরে শহর ছেড়েছেন। গত বৃহস্পতিবার থেকে তিন শতাধিক ফ্লাইটে রাজ্যের রাজধানী এডমনটনে শহরের বাসিন্দাদের নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: বিবিসি