মাদ্রিদ ওপেন: সেমিফাইনালে মুখোমুখি নাদাল-মারে

আপডেট : ০৭ মে ২০১৬, ১৪:৩৪
 
হুয়াও সোওসাকে ৬-০, ৪-৬, ৬-৩ গেমে পরাজিত করে মাদ্রিদ ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন ক্লে কোর্ট বিশেষজ্ঞ রাফায়েল নাদাল। শেষ চারে নাদালের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন এন্ডি মারে। শুক্রবার মারে অষ্টম বাছাই টমাস বার্ডিচকে ৬-৩, ৬-২ গেমে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন।
 
চলতি সপ্তাহে মাদ্রিদ ওপেনের ফাইনালে জিততে পারলে নাদাল আর্জেন্টাইন কিংবদন্তী গুইলারমো ভিলাসের রেকর্ড ৫০তম ক্লে কোর্ট শিরোপা জিততে পারবেন। একইসাথে মাদ্রিদে পঞ্চম শিরোপা ঘরে তুলবেন। তবে সেটা করতে হলে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন মারেকে পরাস্ত করতে হবে। গত বছর ফাইনালে এই মারের কাছেই হার মানতে হয়েছিল স্প্যানিশ তারকাকে।
 
কোয়ার্টার ফাইনালে সহজেই বার্ডিচকে পরাজিত করার পরে মারে বলেছেন, আমি মনে করি গত বছরের তুলনায় এবার আমি আরো ভাল খেলছি। গত বছর ফাইনালে নাদালের বিপক্ষে ম্যাচটি থেকে আমি শিক্ষা নিতে চাই এবং আরো ভাল খেলতে চাই। যদিও অনেক কিছুই কন্ডিশনের ওপর নির্ভর করছে। এখানকার আবহাওয়া মন্টে কার্লোর থেকে একেবারেই ভিন্ন। এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর সেটা হলে ইনডোরে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে।
 
এদিকে দিনের অপর কোয়ার্টার ফাইনালে বিগ সার্ভিসের জন্য পরিচিত কানাডিয়ান ১১তম বাছাই মিলোস রাওনিককে ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। শেষ চারে তার প্রতিপক্ষ জাপানিজ শীর্ষ বাছাই কেই নিশিকোরি। ষষ্ঠ বাছাই নিশিকোরি গতকাল অস্ট্রেলিয়ান নিক কিরগোয়িসকে ৬-৭ (৬/৮), ৭-৬ (৭/১), ৬-৩ গেমে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন।-বাসস।