নির্বাচনে প্রতিযোগিতা কোন রিয়েলিটি শো নয়: ট্রাম্পকে ওবামা

আপডেট : ০৭ মে ২০১৬, ১৪:৪০
 
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেছেন, প্রেসিডেন্ট পদের জন্যে প্রতিদ্বন্দ্বিতা কোন রিয়েলিটি শো নয়। তিনি ট্রাম্পের অতীতের সকল রেকর্ড খুঁটিয়ে পর্যবেক্ষণেরও আহ্বান জানান।
 
এদিকে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড় থেকে অন্য প্রার্থীরা সরে দাঁড়ানোয় ট্রাম্পের প্রার্থিতা এখন অনেকটাই নিশ্চিত। তবে চূড়ান্ত নির্বাচনে তিনি নিজ দলের প্রতিদ্বন্দ্বীদের আস্থা অর্জন করতে পারবেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে।
 
ট্রাম্পের প্রার্থিতা এবং রিপাবলিকান দলের বিভক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হোয়াইট হাউজে ওবামা বলেন, আমরা একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যদিয়ে যাচ্ছি। প্রেসিডেন্ট পদের জন্যে প্রতিদ্বন্দ্বিতাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি কোন বিনোদন নয়, নয় কোন রিয়েলিটি শো।’
 
ওবামা বলেন, ট্রাম্প যে দীর্ঘ সময় পাড়ি দিয়ে এসেছেন তা খুঁটিয়ে দেখার প্রয়োজন আছে। আর আমি মনে করি অতীতে তিনি যেসব মন্তব্য করেছেন তাও গুরুত্বসহকারে দেখা প্রয়োজন।
 
ট্রাম্প তার প্রচারণা শুরুর প্রথম থেকেই নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন। বিশেষ করে মুসলমানদের আমেরিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ও দেশের দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি করে। সূত্র:এএফপি