নির্বাচন তুলনামূলক ভাল হচ্ছে: আবু হাফিজ

আপডেট : ০৭ মে ২০১৬, ১৯:১২
চলমান চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে তুলনামূলক ভালো বলছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ।
 
শনিবার আবু হাফিজ বলেন, আমরা চেয়েছিলাম, অনিয়মের কোনো অভিযোগ যাতে না ওঠে। একটি কেন্দ্রেও যাতে ভোট বন্ধ করতে না হয়। অথচ তা ঘটছে কিছু এলাকায়।
 
নির্বাচন তুলনামূলকভাবে ভাল হচ্ছে দাবি করে তিনি বলেন, দেখি, শেষ পর্যন্ত কেমন হয়।
 
আবু হাফিজ বলেন, যেখানে প্রভাব খাটানোর অভিযোগ আসছে সেখানেই ভোট বন্ধ করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে গোলযোগপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে ইসি সিদ্ধান্ত দেবে।
 
আজ শনিবার সকালে দেশজুড়ে ৭০৩টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে কুমিল্লায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক, ঠাকুরগাঁয়ে একজন ও নরসিংদীতে একজন নিহত হয়েছেন। এছাড়া লক্ষ্মীপুর, জামালপুর, চট্টগ্রাম, নোয়াখালী ও চুয়াডাঙাসহ বিভিন্ন জায়গা অনিয়ম ও সংঘর্ষের খবর পাওয়া গেছে।