‘নেতা-কর্মীদের সুসংগঠিত হয়ে আন্দোলনের মাঠে নামতে হবে’

আপডেট : ০৭ মে ২০১৬, ১৬:২৬
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘নেতা-কর্মীদের সুসংগঠিত হতে হবে। তারপর আন্দোলনের মাঠে নামতে হবে। আমরা যদি ছিটকে যাই তাহলে বিএনপি-জামায়াতের মত আমাদের কোনো খোঁজ থাকবেনা।’
 
শনিবার দুপুরে সাতক্ষীরাস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের সঙ্গে আছি বলে আমরা টিকে আছি। এ সরকারের সঙ্গে থাকলেও সকল খারাপ কাজের সমালোচনা আগেও করেছি, এখন করছি।’

তিনি আরো বলেন, ‘ওয়ান ইলেভেনে আমাদের নেতা-কর্মীরা ব্যাপক অত্যাচার-নির্যাতন সহ্য করেছে। ক্ষমতার বাইরে থাকলে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হতে হতো যা সহ্য করার শক্তি আমাদের নেই।’ 
 
এতে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শুনীল শুভ রায়, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সম সালাউদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রউফ, মাতুলব হোসেন লিয়ন ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু প্রমুখ বক্তব্য রাখেন।
 
পরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শুনীল শুভ রায় জেলা জাতীয় পার্টির আংশিক কমিটি ঘোষণা করেন।