২৬ বছর বয়সী ফুটবলার, সামনে দারুণ ক্যারিয়ারের হাতছানি। খেলার মাঠেই চলছিলো পায়ের কারুকাজ। কিন্তু হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন ক্যামেরুনিয়ান ফুটবলার প্যাট্রিক একেং। টিভি পর্দা ও গ্যালারি থেকে তাকিয়ে থাকা শত শত চোখ তখন বিস্মিত।
তাঁকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। কিন্তু এক ঘণ্টা পর চিকিৎসকরা ঘোষণা দিলেন, না ফেরার দেশে চলে গেছেন এই তরুণ।
শুক্রবার রোমানিয়ার লিগে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ২৬ বছর বয়সী একেংইয়ের এমনিতে কোনো সমস্যা ছিল না। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। ডায়নামোর খেলোয়াড় ও স্টাফরা সবাই জড়ো হয়েছিলেন হাসপাতালে, অনেকেই ভেঙে পড়েছেন কান্নায়। পরে ডায়নামো তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তারা একেংকে চিরতরে হারিয়েছে।
এর আগে তিনি স্পেনের কর্দোবা, সুইজারল্যান্ডের লুসান ও ফ্রান্সের লা মান্সে খেলেছিলেন। গত বছর দুইটি প্রীতিম্যাচে ক্যামেরুন জাতীয় দলেরও জার্সিও গায়ে জড়িয়েছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্যামেরুন ফুটবল ফেডারেশন ও তাদের জাতীয় দলের খেলোয়াড়রা।
