আইজিপির পদত্যাগ চান অজয় রায়

আপডেট : ০৭ মে ২০১৬, ১৬:৩১
 
পুলিশ প্রধানের (আইজিপি) পদত্যাগ দাবি করেছেন ব্লগার ও মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের বাবা অজয় রায়। বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার তিনি এই দাবি করেন।
 
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. আনোয়ার হোসেনের লেখা 'অনন্ত- আমরা চুপ থাকব না' নিয়ে হওয়া এই অনুষ্ঠানে তিনি বলেন, আপনি (আইজিপি) দেশের নির্দিষ্ট বা সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না। তাই আপনার উচিত নিজের অক্ষমতা স্বীকার করে দ্রুত পদত্যাগ করা।
 
বাংলাদেশি-আমেরিকান নাগরিক অভিজিৎ রায় অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও ব্লগার ছিলেন। তিনি মুক্তমনা বাংলা ব্লগ সাইটের এডমিন ছিলেন। তিনি বাক স্বাধীনতা এবং লেখা ও বলার ক্ষেত্রে সরকারের প্রতিবন্ধকতা নিয়ে লিখছিলেন। ২০১৫ সালে বইমেলা চলাকালে সকলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আহত হন তার স্ত্রী বন্যা। পরবর্তীতে তাকে হত্যার দায় স্বীকার করে আনসারুল্লাহ বাংলা টিম।