ক্লাব কাপ হকিতে মোহামেডানকে হারিয়ে ফাইনালে ঊষা

আপডেট : ০৭ মে ২০১৬, ১৬:৪৬
ক্লাব কাপ হকি প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে মোহামেডানকে টাইব্রেকারে ৭-৫ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ঊষা ক্রীড়া চক্র। শুক্রবার মওলানা ভাষানী জাতীয় হকি স্টেডিয়ামে সাদা-কালো শিবিরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।
 
নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র থাকায় সরাসরি পেনাল্টি শুট আউটের মাধ্যমে ফলাফল নিষ্পত্তি করা হয়। নির্ধারিত সময়ের খেলায় ঊষার হয়ে সপ্তম মিনিটের মাথায় গোল করেন কৃষ্ণকুমার দাস। ২৮ মিনিটে সমতায় ফেরে মোহামেডান। দলকে ম্যাচে ফেরান তাসাওয়ার আব্বাস। ৩৯ মিনিটের মাথায় লিড নেয় মোহামেডান। গোল করেন ওমর ভাট্টো। তবে, এগিয়ে থাকা মোহামেডানকে খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে দেয়নি ঊষা। ম্যাচের ৪১ মিনিটের মাথায় মো: শফিক বিন চোলানের গোলে সমতায় ফেরে ঊষা।
IMG0
ওমর ভাট্টো মোহামেডানের হয়ে দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করলে আরেকবার লিড নেয় মোহামেডান। তবে, পুস্কর ক্ষিসা মিমোর ৬৯ মিনিটে দেওয়া গোলে আবারো সমতায় ফেরে ঊষা। এরপর ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। আর তাতে ঊষার হয়ে মাহাবুব হোসেন প্রথম শটে ব্যর্থ হলেও পরে কৃষ্ণ কুমার দাস, ফাইজাল বিন শারি, নাইম উদ্দিন, পুস্কর ক্ষিসা মিমো গোল করেন। আর মোহামেডানের তাসাওয়ার আব্বাস, রিজওয়ান জুনিয়র গোলের দেখা পেলেও কামরুজ্জামান রানা ও ওমর ভাট্টা ব্যর্থ হন।
 
শনিবার দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীর মুখোমুখি হবে মেরিনার ইয়াংস।