আবারও ফিরছে ‘শক্তিমান’

আপডেট : ০৭ মে ২০১৬, ২০:৩৩
ভারতের ছোটপর্দার সুপারহিরো শক্তিমান আবারো টিভিতে ফিরছেন। শক্তিমানের চরিত্রে অভিনয় করা মুকেশ খান্না নিজেই এই খবর জানিয়েছেন।
 
ভারতীয় জাতীয় চ্যানেল ডিডি ওয়ানে সম্প্রচারিত সেই সুপারহিরোর চরিত্র শক্তিমানের ছিল  একার রাজ্যপাট। আর এখন সুপারম্যান, ব্যাটমান, ছোটা ভিম, মিস্টার বিনের মতো চরিত্রদের সঙ্গে সমান তালে পাল্লা দিতে হবে তাঁকে। 
 
মুকেশ জানিয়েছেন, ‘শক্তিমান’ নিয়ে বেশ কয়েকটি টিভি চ্যানেলের সঙ্গে তাঁদের কথাবার্তা চলছে। এ বারেও নাকি তিনি নিজেই শক্তিমানের চরিত্রে অভিনয় করবেন। ইতিমধ্যেই ১৫ বছর আগের সেই সুপাহিরোর চরিত্রের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য আট কেজি ওজন কমিয়ে ফেলেছেন মুকেশ। আরও আট কেজি ওজন কমানো তাঁর টার্গেট।
 
কিন্তু আগের শক্তিমানের সেই ‘ক্যারিশমা’ ফের পাওয়া যাবে কি না সেটাই এখন বড় প্রশ্ন। টাইমস অব ইন্ডিয়া।