রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে যাত্রাবাড়ী জনপথ চৌরাস্তা মোড়ের দক্ষিণ পাশে ট্রাকষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ওমর ফারুক, রানা হাসান ওরফে রাজন, মো. সোহেল, তাইজুল ইসলাম জনি ও আইস পাটোয়ারী। এসময় তাদের কাছ থেকে ২টি ককটেল, ২টি ছোরা ও ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধারের দাবি করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার বলেন, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা দীর্ঘদিন ধরে সায়েদাবাদ বাস টার্মিনালের আশেপাশে ছিনতাই ও ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
