দুদকের দায়ের করা গৃহায়ন ও গণপূর্তীমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে অব্যাহতি দিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ। দুদকের করা লিভ টু আপিলের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ রবিবার এই আদেশ দেয়।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, হাইকোর্টের রায় বাতিল হয়ে যাওয়ায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগের তদন্ত চালাতে আর কোনো আইনি বাধা থাকল না।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজিবুল আলম।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ ১৯৯৬-২০০১ মেয়াদে একই দফতরের দায়িত্বে ছিলেন। সেই সময়ে সরকারি জমি নিয়ে দুর্নীতির অভিযোগগে ২০০৭ সালের ২২ শে নভেম্বর দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম চট্টগ্রামের ডবলমুরিং থানায় এই মামলা দায়ের করেন। মামণলায় ঞ্জিনিয়ার মোশাররফ ছাড়াও ফটিকছড়িতে আওয়ামী লীগের সাবেক এমপি রফিকুল আনোয়ার ও তার ভাই হোটেল গোল্ডেন ইন লিমিডেটের পরিচালক ফখরুল আনোয়ারকে এ মামলার আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, মোশাররফ হোসেন চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় কার পার্কিংয়ের জন্য বরাদ্দ করা একটি জায়গা তিন তারকা হোটেল গোল্ডেন ইন নির্মাণের জন্য ইজারা দেওয়ার সুপারিশ করেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ মামলাটি বাতিলের আবেদন করলে ২০০৮ সালে হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করে। ঐ রুলের ওপর চূড়ান্ত শুনানি করে ২০১২ সালের ২০ নভেম্বর মামলাটি বাতিল করে দেয় হাইকোর্ট। পরে এর বিরুদ্ধে আপিলের আবেদন করে দুদক। সেই লিভ টু আপিল নিষ্পত্তি করে আজ হাইকোর্টের রায় বাতিল করে দিল আপিল বিভাগ।
