ভারতে বেলজিয়ামের নারীকে যৌন হয়রানির অভিযোগ

আপডেট : ০৮ মে ২০১৬, ১২:১৪
 
ভারতের দিল্লিতে বেলজিয়ামের এক নারীকে যৌন হয়রানির অভিযোগে এক 'ওলা' ট্যাক্সিচালককে আটক করেছে পুলিশ। এদিকে 'ওলা' কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, সেই ট্যাক্সিচালককে চাকরীচ্যুত করা হয়েছে।
 
এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে দিল্লি পুলিশ জানায়, ২৩ বছর বয়সী এই নারী পুলিশের কাছে অভিযোগ করে গুরগাও থেকে দিল্লিতে যাওয়ার জন্য ট্যাক্সিটি ভাড়া করলে ট্যাক্সিচালক তাকে সামনের আসনে বসতে অনুরোধ করে। চালক জানায়, তার গাড়ির জিপিআরএস ব্যবস্থা কাজ করছে না এবং সামনের আসনে বসে দিকনির্দেশনা দিলে ট্যাক্সি চালাতে সুবিধা হবে। কিন্তু সামনের আসনে বসার পর ট্যাক্সি চালক রাজ সিং তাকে চুমু খায় বলে অভিযোগে লেখা হয়েছে।
 
এরপর ট্যাক্সি থেকে বের হয়ে বেলজিয়ামের সেই নারী তার বন্ধুকে ফোন দেয় এবং দক্ষিণ-পূর্ব দিল্লির সিআর পার্ক পুলিশ স্টেশনে অভিযোগ দাখিল করে। পুলিশ বিষয়টি তদন্তের জন্য বের হয়ে ট্যাক্সিচালককে গ্রেফতার করে।
 
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার মান্দিপ সিং জানায়, রাজস্থানের আলওয়ারের বাসিন্দা ট্যাক্সিচালক রাজ সিংকে আটক করা হয়েছে। কিন্তু বেলজিয়ামের নারীটি ভারতের পর্যটক নাকি অন্য কোন কারণে ভারতে আছে তা জানা যায়নি। এনডিটিভি।