এমপিপুত্র রনির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ২৬ মে

আপডেট : ০৮ মে ২০১৬, ১৩:১৭
 
রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলায় এমপিপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ মে দিন ধার্য করেছে আদালত। রবিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহার সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
 
আজ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। হরতালের কারণে রনিকে কারাগার থেকে আদালতে হাজির করতে না পারায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মোহাম্মদ মাকসুদ সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ মে দিন ধার্য করে।
 
২০১৫ সালের ১৩ এপ্রিল দিবাগত গভীর রাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় রনি নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।
 
ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ২০১৫ সালের ১৫ এপ্রিল রমনা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।