চীনে ভূমিধসে চাপা পড়েছে ৩৫ শ্রমিক

আপডেট : ০৮ মে ২০১৬, ১৪:০৫
 
চীনের ফুজিয়ান প্রদেশে ভূমিধসের ঘটনায় ৩৫ নির্মাণ শ্রমিক মাটি চাপা পড়েছে। বিবিসি তার এক প্রতিবেদনে সিনহুয়াকে উদ্ধৃতি করে জানায়, প্রদেশে ভারি বর্ষণের পর হাইড্রোপাওয়ার প্রজেক্টে কর্মরত নির্মাণ শ্রমিকদের একটি ডর্মে হঠাৎ করেই ভূমিধস হয়। এ সময় ৩৫ জন শ্রমিক মাটি ও কাঁদার নিচে চাপা পড়েছে বলে জানিয়েছে তারা। তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা না হলেও কারো বাঁচার আশা নেই বলে জানিয়েছে সিনহুয়া।
 
বিবিসি জানায়, রবিবার স্থানীয় সময় সকাল ৫টায় দেশটির দক্ষিণাঞ্চলে হাইড্রোপাওয়ার প্রজেক্টের একটি নির্মাণ সাইটে আকস্মিক ভূমিধসের ঘটনায় সেখানে থাকা শ্রমিকরা মাটির নিচে চাপা পড়ে। ভূমিধসের ঘটনায় ৩৫ জন নিখোঁজ রয়েছে। উদ্ধার কর্মীরা এখনও পর্যন্ত ওই এলাকা থেকে জীবিত বা মৃত কাউকে উদ্ধার করতে পারে নি।
 
আকস্মিক ভূমিধসের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি দেশটির স্থানীয় কতৃপক্ষ। তারা জানিয়েছে বেশ কয়েক দিন ধরে ওই এলাকায় বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিপাতের কারণেই ভূমিধসের ঘটনা ঘটে থাকতে পারে।
 
উল্লেখ্য, বুধবারের ভারী বর্ষণে দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ১ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ওই এলাকায় দুর্যোগের কারণে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরো একজন। বিবিসি।