ছুরিকাঘাতে নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী আহত

আপডেট : ০৮ মে ২০১৬, ১৪:১০
 
গাজীপুরে নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সকালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকাবাসী লিটন (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেছে।
 
আহত ছাত্রীর নাম ফাতেমা আক্তার (২০)। তিনি নরসিংদী জেলার মনোহরদী থানার দৌলতপুর গ্রামের আব্দুল লতিফের মেয়ে। ফাতেমা গাজীপুর সিটি কর্পোরেশনের তেলিপাড়া এলাকায় অবস্থিত রয়েল নার্সিং ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী। তিনি হোস্টেলে থেকে পড়াশুনা করতেন। আটক হওয়া লিটনের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার শাখাইন গ্রামে।
 
জয়দেবপুর থানার এসআই জামাল মিয়া জানান, গত ২৯ মার্চ লিটন ঐ নার্সিং কলেজের ছাত্রী ফাতেমা আক্তারকে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে। তাদের এ বিয়ে মেয়ের পক্ষের লোকজন মেনে নেয়নি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছিল। রবিবার সকাল নয়টার দিকে ফাতেমার সঙ্গে দেখা করার জন্য লিটন গাজীপুরে আসে। সে ফাতেমাকে তার সঙ্গে চলে যাওয়ার জন্য বলে। এতে ফাতেমা যেতে রাজি না হওয়ায় এক পর্যায়ে লিটন তেমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ফাতেমার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এসে লিটনকে আটক করে পুলিশে সোপর্দ করে।