আবারো স্থগিত হল ইয়েমেন শান্তি আলোচনা

আপডেট : ০৮ মে ২০১৬, ১৫:২৪
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে চলা প্রত্যক্ষ শান্তি আলোচনা শনিবার আবারো স্থগিত হয়ে গেছে। কোন অগ্রগতি না থাকায় সরকারি প্রতিনিধিদলের সদস্যদের প্রত্যাহার করে নেয়া হয়েছে। 
 
 
সরকারি প্রতিনিধিদলের একজন সদস্য এ কথা জানিয়ে বলেন, এখন জাতিসংঘ দূত ইসমাইল আউলদ শেখ আহমেদের মধ্যস্থতায় আলোচনা চলবে। বৃহস্পতিবার ওলুদ শেখ জানান, দেশটিতে ১৩ মাসের বিপর্যয় সৃষ্টিকারী যুদ্ধ বন্ধে উভয়পক্ষের মধ্যে সরাসরি বৈঠকে রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। কিন্তু দুই দুইটি নিষ্ফল আলোচনা শেষে তা স্থগিত করা হয়। 
 
আলোচনায় অচলাবস্থার জন্যে হুতি বিদ্রোহীদের দায়ী করে সরকারি কর্মকর্তা জানান, এখন জাতিসংঘ মধ্যস্থতাকারী উভয়পক্ষের সঙ্গে পৃথক আলোচনা শুরু করবেন। তিনি বলেন, জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় গঠিত তিনটি যৌথ ওয়ার্কিং গ্রুপে বিদ্রোহীরা বিভিন্ন বিষয়ে আলোচনার ক্ষেত্রে তাদের পূর্ব কথায় ফিরে যায়। 
 
গত রবিবার বিদ্রোহীদের সেনা ক্যাম্প দখলের প্রতিবাদে সরকারি প্রতিনিধিদল বৈঠক থেকে সরে দাঁড়ালে তিনদিন সরাসরি আলোচনা বন্ধ থাকে। এরপর বুধবার আবারো আলোচনা শুরু হলে এ তিনটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়। এসব গ্রুপে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২১৬ প্রস্তাবের আলোকে বন্দী মুক্তি এবং রাজনৈতিক ও নিরাপত্তামূলক সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা হয়। ৎ
 
সরকারি কর্মকর্তা জানান, এসব আলোচনায় বিদ্রোহী গ্রুপের প্রতিনিধি ও তাদের মিত্ররা আগে অস্থায়ী নির্বাহী কর্তৃপক্ষ প্রতিষ্ঠার জন্যে চুক্তির দাবি জানায়।  সাবানিউজ ওয়েবসাইটের এক বিবৃতিতে এক বিদ্রোহী প্রতিনিধি জানায়, অস্থায়ী নির্বাহী কর্তৃপক্ষ প্রতিষ্ঠার জন্যে চুক্তি করার পরই যৌথ ওয়ার্কিং গ্রুপ তাদের কাজ শুরু করবে। কারণ এ ধরনের চুক্তি ছাড়া আলোচনা চালিয়ে যাওয়া সময়ের অপচয় মাত্র।
 
এদিকে অস্ত্রবিরতি মেনে না চলার জন্যে উভয়পক্ষই পরস্পরকে দায়ী করে আসছে। গত ১১ এপ্রিল অস্ত্রবিরতি কার্যকরের পর থেকে অব্যাহতভাবে তা ভাঙা হচ্ছে। জাতিসংঘের হিসাবে গত বছরের মার্চে দেশটিতে সহিংসতা শুরুর পর ৬ হাজার ৪শ’রও বেশি লোক নিহত ও ২৮ লাখ বাস্তুচ্যুত হয়েছে। দেশটিতে সহিংসতা বন্ধের জন্যে ব্যাপক আন্তর্জাতিক চাপ রয়েছে। এএফপি।