চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে ঢাকায় আসছেন আরো তিন বিদেশি ক্রিকেটার। তামিম ইকবালের আবাহনীতে খেলবেন ভারতের ক্রিকেটার মানভিন্দার সিং বিসলা। লেজেন্ডস অফ রুপগঞ্জে নাম লিখিয়েছেন শ্রীলঙ্কান আশান প্রিয়াঞ্জন এবং প্রাইম ব্যাংকে খেলবেন আরেক লঙ্কান শিহান জয়সুরিয়া।
আবাহনীর হয়ে বিদেশি কোটায় খেলেছিলেন ভারতের ক্রিকেটার উদয় কাউল। তামিম ইকবালের নেতৃত্বে তিনি প্রথম চার রাউন্ডের ম্যাচে ছিলেন। তবে, ইংলিশ কাউন্টিতে যোগ দিতে তিনি আবাহনী শিবির থেকে চলে যান। তার বদলি হিসেবে ভারতের মনোজ তিওয়ারিকে আনতে চেয়েছিল আকাশি-নীলরা। তবে, মনোজের পরিবর্তে বিসলাকে পরে দলে টানে আবাহনী।
প্রিমিয়ার লিগে এগিয়ে যাওয়ার লড়াইয়ে সোমবার মিরপুরে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অব রুপগঞ্জ। প্রথম চার রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে শিরোপা প্রত্যাশী দল আবাহনী। চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে তামিম ইকবালের দল। মোহামেডান এবং প্রাইম ব্যাংকের পয়েন্ট সমান (৬)। তবে রান রেটে এগিয়ে থাকায় মোহামেডানের অবস্থান দ্বিতীয় আর প্রাইম ব্যাংকের চতুর্থ।
