জয় দিয়েই শিরোপা উল্লাস লেস্টারের

আপডেট : ০৮ মে ২০১৬, ১৬:২৮
শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। শেষ ম্যাচে জয় না হলেও চলতো ক্লাবটির। কিন্তু জয় দিয়েই শিরোপর উৎসবে মাতলো ক্লদিও রনিয়েরির শিষ্যরা।শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে ৩-১ গোলে হারিয়েছে ইতিহাস সৃষ্টি করা ক্লাবটি।
 
​এই ম্যাচে মূল ভূমিকা ছিল জেমি ভার্ডির। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেই জোড়া গোল করেছেন তিনি। দলের অন্য গোলটি করেন অ্যান্ডি কিং। এদিন আগে থেকেই লেস্টার সিটির কিং পাওয়ার স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ। এর মাঝে এই জয় তাদের উৎসবে বাড়তি রং যোগ করে। 
 
খেলার পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে দেন ভার্ডি। অ্যান্ডি কিংয়ের উঁচু করে বাড়ানো বলে গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার। পরে ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিং। মাহরেজের পাস থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান ওয়েলসের এই মিডফিল্ডার।
 
খেলার ৬৫ মিনিটে ভার্ডিকে ডি বক্সের মধ্যে প্রতিপক্ষের ম্যাথিউ পেনিংটন ফাউল করলে পেনাল্টি পায় লেস্টার। এরপর ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন ভার্ডি।
 
শেষ দিকে ৮৭ মিনিটে শান্তনার গোল পায় এভারটন। কেভিন মিরালসের গোলটি শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পারে।