বেশকিছু দিন ধরেই ফর্মটা ভালো যাচ্ছেনা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। সেই ফর্ম কাটাতেই হোক কিংবা আত্মবিশ্বাসের জ্বালানি নিতেই হোক বৃহস্পতিবার হঠাৎ ঢাকা আসেন সাকিব। শরনাপন্ন হন পুরোনো কোচ মোহাম্মদ সালাউদ্দিনের।
তবে, সেটা অনেকটা গোপনেই। আর ব্যাটিংয়ের বাজে সময় কাটাতে শিষ্যকে গোপনেই টিপস দিয়েছেন সালাউদ্দিন। গত বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছে বিকেলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেন। শুক্রবার বিকেলেও কোচের সঙ্গে সময় কাটান তিনি। টিপস নিয়ে শনিবার ভারতে ফিরে যান সাকিব।
আরও জানা যায়, অনুশীলনের জন্য ঢাকায় আসার সংবাদটি গোপন রাখতে চেয়েছিলেন সাকিব ও সালাউদ্দিন।
সাকিবের কোচ জানান, ব্যাটিং নিয়ে কিছু কাজ করার জন্য সে ঢাকায় এসেছিল। ব্যাটিং ফর্ম নিয়ে তাকে বেশ চিন্তিত মনে হয়েছে। তাই শুধু ব্যাটিং নিয়েই আমার সঙ্গে কাজ করেছে। মানসিক সন্তুষ্টির জন্য মানুষ অনেক কিছু করে। সাকিবও মনে করেছে ব্যাটিংয়ের সমস্যা দূর করতে আলাদাভাবে কিছু কাজ করা উচিত।
তিনি বলেন, যারা প্রতিনিয়ত রান করে, তারা বাজে সময়ে রান না পেলে চিন্তিত থাকে। আর এটাই স্বাভাবিক। আশা করি, সাকিব কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পাবে।
