পাকিস্তানের করাচিতে বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী খুররাম জাকিকে গুলি করে হত্যা করা হয়েছে। শহরের উত্তরাঞ্চলে একটি রেস্টুরেন্টে খাওয়ার সময় তার ওপর গুলি চালানো হয়।
তিনি Let Us Build Pakistan নামের একটি ওয়েব সাইটের সম্পাদক ছিলেন। ধর্মীয় মৌলবাদ ও বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সোচ্চার ছিল ওয়েবসাইটটি। গণতান্ত্রিক ও প্রগতিশীল আদর্শের পক্ষেও প্রচারণা চালাতো তারা। গত বছর ২৫ এপ্রিল একই কায়দায় করাচিতে সাবিন মাহমুদ নামে এক শীর্ষ মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল।
চারজন বন্দুকধারী মোটর সাইকেল থেকে খুররাম জাকিকে লক্ষ্য করে গুলি চালায়। হামলায় আরো দুইজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিয়া মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর বিপক্ষেও কাজ করছিলেন খুররাম জাকি। শিয়াদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে ইসলামাবাদের লাল মসজিদের নেতা মওলানা আব্দুল আজিজের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি ও তার সহযোগীরা।
মওলানা আব্দুল আজিজ পাকিস্তানের স্কুলে তালেবান হামলার নিন্দা জানাতে অস্বীকার করেছিলেন। পেশোয়ারের সেনা পরিচালিত স্কুলে নির্মম হামলা চালিয়ে ১৪৬ জনকে হত্যা করেছিল তালেবান জঙ্গিরা।
