সেলুলয়েডের পর্দায় নয়া জোকার হিসেবে ত্রাস সৃষ্টি করতে খুব বেশি দেরি নেই অভিনেতা জ্যারেড লেটোর। বৈচিত্রময় চরিত্রে অভিনয়ে সিদ্ধহস্ত এই অভিনেতা এবার নাম লেখালেন হলিউডের জনপ্রিয় ড্রামা হরর সিনেমা 'ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার' সিনেমার রিবুটে।
কেন্দ্রীয় চরিত্র লেসট্যাট দ্য ভ্যাম্পায়ারের ভূমিকাতে দেখা যাবে অস্কারজয়ী এই অভিনেতাকে। ১৯৯৪ সালে মুক্তি সাড়া ফেলে দেওয়া 'ইন্টারভিউ উইথ এ ভ্যাম্পায়ার'- এর গল্প এগিয়েছিল দুই ভ্যাম্পায়ারকে কেন্দ্র করে। আঠার শতকের লর্ড থেকে ভ্যাম্পায়ারে পরিণত হওয়া লুইস তার জীবনের গল্প শোনায় এক গল্পকারকে, যেখানে উঠে আসে তার ভালোবাসা, ঘৃণা, রক্তক্ষুধা এবং আরেক ভ্যাম্পায়ার লেসট্যাট-এর সঙ্গে তার দিনগুলোর কথা।
সুদর্শন টম ক্রুজ সেবার নিজের 'হিরো' ইমেজ ছেড়ে হাজির হয়েছিলেন এরকম ভূতুড়ে লেসট্যাট চরিত্রে। এবার সেই চরিত্রেই অভিনয় করবেন ৪৪ বছর বয়সী লেটো। অ্যানা রাইসের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এই সিনেমার চিত্রনাট্য লেখার কাজ করছেন জশ বুন এবং জিল কিলিংটন। লেটোর অন্তর্ভূক্তির খবর টুইটারে নিশ্চিত করেন বুন, "লেসট্যাট- সে একজনই হতে পারে। জ্যারেড লেটো। ক্যারিয়ারে বরাবরই ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন লেটো।
২০১৩ সালে এইডস আক্রান্ত এক লিঙ্গান্তরিত নারীর ভূমিকায় অভিনয় করে জিতে নিয়েছিলেন সেরা পার্শ্বচরিত্রে অভিনয়ের অস্কার। এদিকে ডিসি ইউনিভার্সের সুইসাইড স্কোয়াড সিনেমায় জনপ্রিয় খলনায়ক ‘জোকার’ সিনেমায়ও থাকছেন লেটো। আগামী আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এন্টারটেইনমেন্ট উইকলি।
