বার্সেলোনা তারকা জর্ডি আলবা জানিয়েছেন, লা লিগায় রবিবার রাতের এস্পানিওলের বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলাটি নিয়ে তার দল মোটেও ভীত নয়। একই নগরের প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বার্সা শিরোপা হারানোর মতো কোনো অঘটনেরও শিকার হবে না বলে বিশ্বাস তার।
এদিন নিজ নিজ খেলায় মাঠে নামছে পয়েন্ট টেবিলে বার্সার ঠিক পরেই অবস্থান করা অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত ছন্দে থাকা অ্যাটলেটিকো খেলতে যাবে লেভান্তের মাঠে। তবে ছন্দে থাকা মাদ্রিদ শহরের অপর দল রিয়াল অতিথি ভ্যালেন্সিয়ার বিপক্ষে পুরো শক্তি পাচ্ছে না। কেননা ইনজুরিতে রয়েছেন দলটির তারকা উইঙ্গার গ্যারেথ বেল।
লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সা শিরোপাটি ধরে রাখার পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই কাতালোনিয়া শহরেরই অপর দল এস্পানিওলকে আতিথ্য দিবে। এ ক্ষেত্রে পয়েন্ট টেবিলের নিকটতম অপর দুই প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো ও রিয়াল নিজ নিজ খেলায় হারলে এক ম্যাচ হাতে রেখে বার্সা আজই তাদের ২৪তম লা লিগা শিরোপাটি নিশ্চিত করে ফেলতে পারে!
কোচ লুই এনরিকের দল যখন এমন হিসেব-নিকেশের সামনে দাঁড়িয়ে তখন তাদের চোখ রাঙ্গাচ্ছে অস্বস্তিদায়ক এক ইতিহাস। এটা জানতে অবশ্য ফিরে যেতে হবে ২০০৭ সালের ৯ জুনে। এমন পরিস্থিতি নিয়ে ওইবারও এস্পানিওলের সঙ্গেই মুখোমুখি হয়েছিল বার্সা। শিরোপারও সুঘ্রাণ পাচ্ছিল তারা। কিন্তু খেলাটির ৯০তম মিনিটে অঘটন ঘটিয়ে বসলো অতিথি এস্পানিওলের হয়ে রেকর্ড সংখ্যক গোল করা রাওল ত্যামুডো। ম্যাচের অন্তিম মুহূর্তে সমতাসূচক এক গোল করে বসেন তিনি; সঙ্গে সঙ্গে পুরো ক্যাম্প ন্যু জুড়ে নেমে আসে পিন-পতন নীরবতা। ত্যামুডোর ওই গোলে শিরোপা চলে যায় রিয়াল মাদ্রিদের ঘরে।
বার্সা-এস্পানিওলের ওই ঘটনাটি ইতিহাসের পাতায় জায়গা পায় ‘ত্যামুদাজো’ নামে! বার্সা এবার এমন ঘটনার শিকার হবে বলে দৃঢ় বিশ্বাসই ব্যক্ত করলেন আলবা। তিনি বলেন, ‘আমরা আরো একটি ত্যামুদাজো নিয়ে ভীত নই। সত্যিকার অর্থে শিরোপাটি আমরা জিতে ফেলেছিলাম বলে আমরা কখনো চিন্তা করিনি। এটা অনেক কঠিন একটি প্রতিযোগিতা। .... মৌসুম শেষ হওয়ার আগে শিরোপার নিষ্পত্তি হবে না।’
এবারের মৌসুমের শুরু থেকে অনেক ব্যবধান নিয়ে বার্সা লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও গত মাসে টানা তিনটি পরাজয় দলটিকে শঙ্কায় ফেলে দেয়। সর্বশেষ তিন খেলায় জয় নিয়ে কাতালানরা ফের ছন্দে ফিরলেও স্বস্তি নেই। কেননা ৩৬ খেলা থেকে ৮৫ পয়েন্ট নিয়ে বার্সা শীর্ষে থাকলেও সমান পয়েন্ট নিয়েই দ্বিতীয়স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তৃতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদেরও পয়েন্ট ৮৪। এমন অবস্থায় হাতে থাকা দুই খেলায় হিসেব-নিকেশ পাল্টে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এস্পানিওলের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে আলবা বলেন, ‘আমরা জিততে চেষ্টা করব এবং নিজেদের সেরাটাই খেলব। কেননা লিগ জিততে হলে আমাদের দু’টি খেলায় আমাদের অবশ্যই জয় পেতে হবে।’
এদিকে, বায়ার্ন মিউনিখকে হতাশ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করা অ্যাটলেটিকো এখন লা লিগা নিয়ে মনোযোগী। পুরো তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়েই রেলিগেশন তালিকায় থাকা লেভান্তের মাঠে খেলতে যাচ্ছে তারা। সেই সঙ্গে এস্পানিওলের বিপক্ষে বার্সার হতাশাও কামনা করছে কোচ দিয়েগো সিমিওনির দল। তাই হলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে লা লিগার শিরোপা জয়ও সময়ের ব্যাপার বানিয়ে ফেলতে পারবে অ্যাটলেটিকো।
রিয়াল মাদ্রিদের ভাবনাও ছন্দ ধরে রাখা; ধরে রাখা লা লিগার শিরোপার আশাও। যদিও ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলাটির আগে তারকা উইঙ্গার গ্যারেথ বেলকে পাচ্ছে না তারা। এ ব্যাপারে রিয়াল তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, মেডিক্যাল পরীক্ষায় বেলের ডান হাঁটুতে চোট ধরা পড়েছে। যদিও ক্লাবটির আশা দ্রুতই সেরে উঠবেন এই ওয়েলসম্যান। —সকারওয়ে/সুপার স্পোর্টস
