ক্যামেরনকে এক হাত নিলেন মেয়র সাদিক খান

আপডেট : ০৮ মে ২০১৬, ১৭:৪৭
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে এক হাত নিলেন লন্ডনের নতুন মেয়র সাদিক খান। শহরটির প্রথম মুসলমান মেয়রের অভিযোগ, ভোটারদের বিভক্ত করে তাকে পরাজিত করতে ডোনাল্ড ট্রাম্পের কৌশল নিয়েছিলেন ক্যামেরন।
 
মেয়রের শপথ নেয়ার একদিন পরই প্রধানমন্ত্রীর দিকে তোপ দাগলেন সাদিক। তিনি বলেন, ভোটের প্রচারণাকালে ক্যামেরনের কনজারভেটিভ সমর্থকরা ইসলামী চরমপন্থার সঙ্গে তার নাম জড়ানোর চেষ্টা করেছিলেন। শপথের সময় লন্ডনের সব মানুষের মেয়র হওয়ার প্রতিশ্রুতি দেন সাদিক।
 
'তারা বিভিন্ন ধর্মীয় ও জাতিসত্ত্বাগুলোকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেয়ার চেষ্টা চালায়, অনেকটা ঠিক রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের মত' অবজারভার সংবাদপত্রে লেখেন সাদিক খান।
 
গত বৃহস্পতিবার মেয়র নির্বাচনের ভোটে সাদিক প্রায় ১৩ লাখ ভোট পান যা মোট ভোটারের ৫৭ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মিলিয়নিয়ার টোরি প্রার্থী জাক গোল্ডস্মিথ।
 
বাস ড্রাইভার পিতা ও দর্জি মায়ের সন্তান ৪৫ বছর বয়সী সাদিক খান। দেশভাগের সময় ভারত ছেড়ে পাকিস্তান ও তার পর ব্রিটেনের উদ্দেশে পাড়ি জমিয়েছিল সাদিক খানের বাবা-মা। সূত্র: এএফপি