ক্লাব কাপ হকি টুর্নামেন্টের গ্রুপপর্ব ও সেমিফাইনালের হার্ডেলস পেরিয়ে ফাইনালে উঠেছে উষা ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেড। সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে তারা।
ফাইনালের আগে রবিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হন দল দুটির কোচ, ম্যানেজার ও অধিনায়ক। সেখানে তারা প্রতিপক্ষকে সমীহ করার পাশাপাশি শিরোপা জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
উষা ক্রীড়া চক্রের কোচ মামুন উর রশীদ বলেন, ‘জমজমাট একটি লিগ হচ্ছে। আশা করছি ফাইনালটাও জমজমাট হবে। আমরা ক্লাব কাপের গেল দুইবারের চ্যাম্পিয়ন। আমাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। কিন্তু কাজটি সহজ হবে না। আমাদেরকে শতভাগ দিয়ে খেলতে হবে। কারণ, আবাহনী খুবই ভালো খেলছে। তাদের বিদেশি খেলোয়াড়রাও দারুণ পারফরম্যান্স করছে। আবাহনী জয়ের জন্যই মাঠে নামে। এই মন্ত্রটা তাদের খানিকটা এগিয়ে রাখছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব শিরোপা ধরে রাখতে।’
আবাহনী দলের ম্যানেজার মাহবুব এহসান রানা বলেন, ‘আমাদের বিদেশি খেলোয়াড়দের কালেকশন ভালো। কিন্তু তাদের কাছ থেকে এখনো আমরা শতভাগ পাইনি। উষা বেশ ব্যালান্সড একটি দল। ভালো খেলে তারা ফাইনালে এসেছে। তাদের বিপক্ষে লড়াই করাটা কিছুটা হলেও কঠিন। কিন্তু আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারলে যেকোনো কিছু সম্ভব।’
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ফাইনালে ওঠা উষা ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেড- উভয় দলের জন্য শুভকামনা থাকল।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। উষা ক্রীড়া চক্রের অধিনায়ক কৃষ্ণ কুমার, কোচ মামুন উর রশীদ। আবাহনীর অধিনায়ক অসীম গোপ, ম্যানেজার মাহবুব এহসান রানা, লিগ কমিটির সেক্রেটারি মাইনুজ্জামান পিলা।
