রমজানের প্রয়োজনীয় পণ্যের যথেষ্ঠ মজুদ রয়েছে বলে সংসদীয় কমিটিকে জানাল বাণিজ্য মন্ত্রণালয়। তাই আসন্ন রমজানে পণ্যের মূল্য বৃদ্ধির কোনো কারণও নেই, সুযোগও নেই।
রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় একথা জানায়।
বৈঠক শেষে মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বলেন, গত কয়েক বছরের মত এবার আসন্ন রমজানেও পণ্যমূল্য স্বাভাবিক থাকবে। মূল্য স্বাভাবিক রাখার জন্য মন্ত্রণালয় পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছে। রমজানে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি টিম প্রতিদিন বাজার মনিটরিং করবে। সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এবারও রমজানে জিনিসপত্রের দাম বাড়বে না। যদি কোনো অসাধু ব্যবসায়ী অহেতুক মূল্য বাড়ানোর চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মোতাহার হোসেন, ওয়ারেসাত হোসেন বেলাল, ছানোয়ার হোসেন, মঞ্জুরুল ইসলাম লিটন ও লায়লা আরজুমান বানু। বৈঠকে ‘চা বিল-২০১৬’ পরীক্ষা করে সংসদে উপস্থাপনের জন্য রিপোর্ট চূড়ান্ত করা হয়।
