ভারতে নেতার গাড়ি ওভারটেক করায় কিশোর খুন

আপডেট : ০৯ মে ২০১৬, ০৮:৫৪
ভারতের বিহার রাজ্যে হাইওয়েতে এক রাজনীতিকের গাড়িকে ওভারটেক করার অপরাধে ১৯ বছরের এক কিশোরকে ওই রাজনীতিকের ছেলে ও তার সাঙ্গোপাঙ্গরা গুলি করে হত্যা করেছে। 
 
পুলিশ বলছে, ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বিহারের গয়া জেলায়- আর অভিযুক্ত ব্যক্তি হলেন বিহারের শাসক দল জেডিইউ এর প্রভাবশালী এক নেতার ছেলে। আদিত্য সচদেব বন্ধুদের নিয়ে তার সুইফট গাড়িতে বেড়াতে বেরিয়েছিল। রাস্তায় সে ওভারটেক করে একটি রেঞ্জ রোভার গাড়িকে যার ভেতরে ছিলেন বিহারের জেডি-ইউ নেতা বিন্দি যাদব ও মনোরমা দেবীর ছেলে রকি যাদব। 
 
আদিত্যর বন্ধুরা জানিয়েছেন, ওভারটেক করার পরই ওই রেঞ্জ রোভার থেকে তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়া হতে থাকে। তারা গাড়ি থামাতে বাধ্য হয়, তখন রকি যাদব ও তার রক্ষীরা তাকে জোর করে গাড়ি থেকে নামায়। যখন ভয়ে আদিত্য ও তার বন্ধুরা পালানোর চেষ্টা করে তখনই রকির রিভলভার থেকে গুলি করে আদিত্যকে মেরে ফেলা হয়। স্থানীয় মানুষের চাপ ও পথ-অবরোধের জেরে পুলিশ রকির বাবা বিন্ধেশ্বরী প্রসাদ যাদব বা বিন্দি যাদবকে গ্রেফতার করেছে।