গ্রিসে ট্যাক্স-পেনশন কাঠামো পুনর্গঠন

আপডেট : ০৯ মে ২০১৬, ১০:০২
 
ইউরোপিয়ান ইউনিয়নের চাওয়া অনুসারে গ্রিসের পার্লামেন্টে শেষ পর্যন্ত পাশ করা হল বিতর্কিত ট্যাক্স ও পেনশন পুনর্গঠন বিল। সোমবার ইউরো জোনের অর্থমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে পার্লামেন্ট এই বিল পাশ করে।
 
এই বিলের ফলে আরো ৫০০ কোটি ইউরো ঋণ শোধ করতে পারবে দেউলিয়া হয়ে যাওয়া দেশটি। এই বিলের ভোট হওয়ার আগে গ্রিসের পুলিশকে লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। এর জবাবে পুলিশও টিয়ারগ্যান নিক্ষেপ করে। দেশটির ট্রেড ইউনিয়ন জানায়, আরো একবার অর্থনৈতিক কঠোর নীতিমালা নেয়ার মত অবস্থায় নেই দেশের মানুষ।
 
গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেছেন, এই বিলের লক্ষ্য দেশের জন্য 'টেকসই' ব্যবস্থা তৈরি করা যার মাধ্যমে 'সামাজিক ন্যায়' প্রতিষ্ঠা হবে। এই বিলের মাধ্যমে যারা পেনশন পাচ্ছেন তাদের শতকরা ৭.৫ ভাগ কর্তন করা হবে।
 
এ সময় তিনি ইউরো জোনের অর্থমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠককে 'খুবই গুরুত্বপূর্ণ দিন' হিসেবে মন্তব্য করেন। বিবিসি।