শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে ঘিরে পুরো ইংল্যান্ড দলই আত্মবিশ্বাসী। এর মধ্যে দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় অধিনায়ক অ্যালিস্টার কুক ও পেসার জেমস অ্যান্ডারসন মনে করেন সফরকারীদের বিপক্ষে ২০১৪ সালের পুনরাবৃত্তি অন্তত আর হবে না।
আগামী ১৯ মে হেডিংলিতে শুরু হচ্ছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই মাঠে দুই বছর আগে নাটকীয় এক জয়ের মাধ্যমে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছিল লঙ্কানরা। লর্ডসে প্রথম ম্যাচ ড্র হবার পরে হেডিংলি টেস্টটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছিল। মইন আলির অভিষেক সেঞ্চুরিতে ইংল্যান্ড ম্যাচটি প্রায় নিজেদের করেই নিয়েছিল। কিন্তু চতুর্থ দিনে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের দুর্দান্ত ১৬০ রানের ইনিংস ও অষ্টম উইকেটে টেল এন্ডার রঙ্গানা হেরাথকে সাথে নিয়ে ১৪৯ রানের জুটিতে পুরো ম্যাচের চেহারাই পাল্টে যায়। ইংলিশ অধিনায়ক কুকের ফিল্ডিং সাজানো নিয়ে বিতর্কে ম্যাথুস তার ইনিংসের ২৫টি বাউন্ডারির শেষ কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। কুকের অধিনায়কত্ব নিয়ে ঐ সমালোচনা করেছিলেন অস্ট্রেলিয়ান সাবেক তারকা শেন ওয়ার্ন। এ ছাড়া ম্যাচের ফলাফলকে ছাপিয়ে সেই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল কুকের অধিনায়কত্ব।
তবে অ্যান্ডারসন মনে করেন এটা শুধুমাত্র কুকের একক সিদ্ধান্ত ছিল না। এতে অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর বেলিসেরও আধিপত্য ছিল। যদিও অ্যান্ডারসন বিশ্বাস করেন সেই ধরনের পরিস্থিতি এবার আর হবে না। ২০১৫ সালে কোচ হিসেবে ট্রেভর আসার পরে ও কিছু খেলোয়াড়ের পরিবর্তনে গত এক বছরে দলের মানসিকতায়ও অনেক পরিবর্তন হয়েছে। সকলের মধ্যে ভিন্ন মাত্রার আত্মবিশ্বাস ফিরে এসেছে।
৩৩ বছর বয়সী অ্যান্ডারসন মনে করেন, কুকের নেতৃত্বে অ্যাশেজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ই তার প্রমাণ। কুকের সাথে এখন অনায়াসে অস্ট্রেলিয়ান সফল অধিনায়ক অ্যালান বোর্ডার, মার্ক টেইল ও স্টিভ ওয়াহদের তুলনা করা যায়। অ্যান্ডারসনের বিশ্বাস ট্রেভর কুকের ওপর অনেক বেশি দায়িত্ব অর্পণ করেছেন। যেকোন দলেই মূলত কোচই সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়। কিন্তু অধিনায়কও যদি সেই দায়িত্বের ভাগীদার হয় তবে সেই দল সাফল্য পেতে বাধ্য। এ কারণেই এখনকার ইংল্যান্ড দল অনেক বেশি পরিণত। শ্রীলঙ্কাকে মোকাবেলা করার মত সব ধরনের দক্ষতা তাদের মধ্যে আছে। বাসস।
