সংক্রামক রোগ প্রতিরোধে নতুন আইন হচ্ছে

আপডেট : ০৯ মে ২০১৬, ১৭:২২
 
সব ধরনের সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলে নতুন করে একটি আইন করছে সরকার, যা অমান্যে শাস্তিরও সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার ১০৮তম বৈঠকে ‘সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ম্যালেরিয়া নিয়ে ১৯৭৭ ও ১৯৭৮ সালের দুটি আইন ছিল। এই দুটি আইন বিলুপ্ত করে নতুন করে একটি আইন হচ্ছে।
 
তিনি বলেন, ‘আগের আইন ছিল মূলত ম্যালেরিয়া সংক্রান্ত। নতুন আইনে সংক্রামক সবগুলো ব্যাধীকে কাভার করা হয়েছে।’
 
শফিউল আলম বলেন, ‘আইনে সংক্রামক রোগের সংজ্ঞায় বলা হয়েছে- জীবানুঘটিত রোগ। এর মধ্যে যতরকম জীবানুঘটিত রোগ আছে তার নাম জুড়ে দিয়ে শেষে বলা হয়েছে ইত্যাদি, তারমানে আরও হতে পারে।’
 
কালাজ্বর, ফাইলেরিয়া, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, এনথাক্স, ফ্লু, এভিয়েন ফ্লু, নিপাহ, জলাতঙ্ক, শ্বাসনালীর সংক্রমণ, এইচআইভি, ভাইরাল হেপাটাইটিস, টাইফয়েড ছাড়াও নতুনভাবে আবিষ্কৃত সংক্রামক রোগ এই আইনের আওতায় পড়বে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

খবর বাসসের।