লা লিগার আশা ছাড়েননি জিদান

আপডেট : ০৯ মে ২০১৬, ১৭:২৫
শেষ রাউন্ডের আগে বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থাকলেও লা লিগার শিরোপা জয়ের বিষয়ে আশাবাদী জিনেদিন জিদান। ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে-এই অনিশ্চয়তাই ইতিবাচক রাখছে রিয়াল মাদ্রিদ কোচকে। 
 
 
ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে গত রোববার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখে রিয়াল। অ্যাটলেটিকো মাদ্রিদ লেভান্তের কাছে হেরে যাওয়ায় শিরোপা লড়াই এখন শুধুই বার্সেলোনা আর রিয়ালের মধ্যে। তবে শেষ ম্যাচে বার্সেলোনা দুর্বল গ্রানাডাকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে।
 
৩৭ রাউন্ড শেষে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮৮। ৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।
 
ম্যাচ শেষে জিদান বলেন, আমি সব সময়ই ইতিবাচক এবং জানি যে, ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে, সব কিছু নিংড়ে দাও এবং কী ঘটে তা দেখতে শেষ পর্যন্ত যেতে থাকো। প্রথম বিষয় হচ্ছে, আমাদের নিজেদের ম্যাচ-এটা সহজ হবে না এবং এটা আমরা সবাই জানি।
 
শেষ রাউন্ডে আগামী শনিবার ৪২ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে থাকা দেপোর্তিভো লা করুনার মাঠে খেলবে রিয়াল। আর বার্সেলোনার ম্যাচটি ৩৯ পয়েন্ট নিয়ে ষোড়শ স্থানে থাকা গ্রানাদার বিপক্ষে। জিদান বলেন, আমরা এখন দ্বিতীয় স্থানে আছি, এক ম্যাচ বাকি আছে এবং যে কোনো কিছু ঘটতে পারে-ফুটবলে আপনি কখনোই কিছু জানেন না। গোল.কম।