বাফুফের কাছে ক্ষমা চাইলেন মামুনুল ও সোহেল

আপডেট : ০৯ মে ২০১৬, ১৮:৩০
শৃঙ্খলাভঙ্গের দায়ে জাতীয় দল থেকে নিষিদ্ধ দুই ফুটবলার মামুনুল ইসলাম ও সোহেল রানা ন্যাশনাল টিমস কমিটির কাছে ক্ষমা চেয়েছেন। তাদের বিষয়ে ন্যাশনাল টিমস কমিটি দ্রুতই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
 
এর আগে সাফ থেকে ব্যর্থতার কালিমা গায়ে দেশে ফেরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পরে বঙ্গবন্ধু গোল্ডকাপেও বিশৃঙ্খলার নানা অভিযোগের ময়নাতদন্ত করে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ৭ ফুটবলারকে অভিযুক্ত করে। যেখানে মামুনুল ইসলাম ও জাহিদ হোসেনকে ১ বছর এবং সোহেল রানা ও ইয়াসিন খানকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।
 
এছাড়া, ইয়ামিন মুন্না, গোলরক্ষক শহিদুল আলম সোহেল ও আতিকুর রহমান মিশুকে মৌখিক সতর্কতা দেয় কমিটি।
 
তবে, বাফুফের পুনঃনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভায়, ক্ষমা চাওয়ার ভিত্তিতে শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এই ফুটবলারদের জাতীয় দলে ফেরার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। আর সে সুযোগটা নিতে দেরি করেননি বর্তমান সময়ে দেশের ফুটবলের দুই পরিচিত মুখ মামুনুল ইসলাম ও সোহেল রানা।