চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এবার শতকের দেখা পেলেন মমিনুল হক। সোমবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে শতক হাঁকিয়েছেন তিনি।
এদিন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে মমিনুলের শতক আর ওপেনার আবদুল মজিদের ৯৪ রানের উপর ভর করে ভিক্টোরিয়া ৫০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৭০ রান তুলেছে।
তিন নম্বরে ব্যাট হাতে নামা মমিনুল ৯৭ বল মোকাবেলা করে ১২টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারিতে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান। ৩৭তম ওভারে আল আমিন হোসেনের বলে সাঞ্জামুলের হাতে ধরা পড়ার আগে মমিনুল হক খেলেছেন ১০৪ বলে ১০৪ রানের ইনিংস।
সাত ম্যাচ পর মমিনুল শতকের দেখা পেলেন। তবে টাইগার এই ব্যাটসম্যান ছিলেন রানের মধ্যেই। গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচে সাউথ জোনের বিপক্ষে সবশেষ শতক (১১২) হাঁকিয়েছিলেন তিনি। এরপরের ইনিংস গুলো ছিল ৮৯, ৯৪ ও ২৩, ৭৮, ১৩, ৬৭, ৩৫ এবং ২০ রান।
