পাট অধিদফতর ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া দুই অতিরিক্ত সচিব ও ১৩ যুগ্ম-সচিবের দফতর বদল করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পাট অধিদফতরের মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক মোছলেহ উদ্দিনকে পাট অধিদফতরের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. জিয়া উদ্দিন আহম্মেদকে দেয়া হয়েছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালকের দায়িত্ব। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ আব্দুল হালিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী রওশন আক্তারকে বিদ্যুত্ বিভাগে এবং বিদ্যুত্ বিভাগের অতিরিক্ত সচিব মো. রকিব হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মো. আজিজুল হককে ওএসডি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক এ বি এম ফজলুর রহমানের চাকরি পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব সোহেলী শিরীন আহমেদকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জাহাঙ্গীর হোসেনের চাকরি পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
পরিবেশ অধিদফতরের পরিচালক মো. তৌফিকুল আরিফকে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এবং স্রেডার সদস্য শেখ ফয়জুল আমিনকে বিদ্যুত্ বিভাগে পাঠানো হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত ওএসডি যুগ্ম-সচিব ইরতিজা আহমেদ চৌধুরীকে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের (তৃতীয় পর্যায়) প্রকল্প পরিচালক এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব বিকাশ চন্দ্র সিকদারকে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব মো. আমিনুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক এ এন আহাম্মদ আলীকে জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব করেছে সরকার।
বিদ্যুত্ বিভাগে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব মো. কাওসার আলীকে স্রেডার সদস্য, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. এমদাদুল হককে সরকারি আবাসন পরিদফতরের পরিচালক এবং সরকারি আবাসন পরিদফতরের পরিচালক মো. আশরাফুল ইসলামকে বিআইডব্লিউটিসির পরিচালক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
খবর বিডিনিউজের।
