ব্রাজিল তার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে নাটকীয় সপ্তাহ পার করছে। সিনেটররা আশা করছেন, প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে তারা সাময়িক বরখাস্ত এবং তার বিরুদ্ধে অভিশংসন বিচার প্রক্রিয়া শুরু করতে পারবেন।
ল্যাটিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি মন্দা চলছে। তা ছাপিয়ে বর্তমানে রাজনৈতিক সংকটই দেশটির শীর্ষ বিষয় হিসেবে সামনে উঠে এসেছে।
রৌসেফের বিরুদ্ধে অভিশংসন শুনানি শুরু করা হবে কিনা তা নিয়ে আলোচনা করতে বুধবার সিনেটররা মিলিত হচ্ছেন। পুনর্নির্বাচনেরকালে রৌসেফ সরকারি তহবিলের ঘাটতির কথা লুকিয়েছেন- এ অভিযোগে তার বিরুদ্ধে অভিশংসন আনার উদ্যোগ নেয়া হচ্ছে।
দেশটির ৮১ সিনেটরের মধ্যে ৫০ জনই অভিশংসন বিচার শুরুর পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার এ ভোট অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে।
অভিশংসন বিচার চলাকালে রৌসেফ ছয়মাসের জন্য সাময়িক বরখাস্ত হবেন। এরপর তাকে স্থায়ীভাবে সরানো হবে কি হবে না তার জন্যও ভোটাভুটি হবে। এদিকে শুক্রবার রৌসেফ বলেছেন, অভিশংসনের আড়ালে এটি মূলত একটি পরোক্ষ নির্বাচন। ক্ষমতার দখলদাররা যাদের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে ভাইস প্রেসিডেন্টও রয়েছেন তারা সকলের যোগসাজশে একটি মারাত্মক চরম প্রক্রিয়া শুরু করেছেন।
শনিবার অপর এক ঘোষণায় তিনি পূর্ণাঙ্গ নির্বাচনের আহ্বান জানিয়েছেন। সূত্র: এএফপি
