বর্তমান ইসরাইলকে নাৎসি জার্মানির সঙ্গে তুলনা

আপডেট : ০৯ মে ২০১৬, ২০:৪৪
ইসরাইলি সমাজকে নাৎসি জার্মানির সঙ্গে তুলনা করে তোপের মুখে পড়েছেন দেশটির সামরিক বাহিনীর দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। তার সমালোচনায় মুখর হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর- বিবিসির।
 
বার্ষিক হলোকস্ট ডে বা ইহুদি নিধনযজ্ঞ স্মরণ দিবস পালনের প্রাক্কালে জেনারেল গোলান বলেন, ১৯৩০-এর দশকে নাৎসি জার্মানিতে অসহিষ্ণুতার যে ঘৃণ্য প্রকাশ ঘটেছিল সে রকম কিছু প্রবণতা এখনকার ইসরাইলি সমাজে দেখা যাচ্ছে।
 
তার এই বক্তব্যের পর ইসরাইলে তাকে ঘিরে বড় রকমের আলোচনা শুরু হয়েছে। অনেকে তাকে বরখাস্ত করারও দাবি জানিয়েছেন।
 
তবে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন, সামরিক প্রধান এবং আরো কিছু কর্মকর্তা জেনারেল গোলানের বক্তব্যকে সমর্থন করেছেন। তারা বলছেন, জেনারেল গোলানের বক্তব্যে ইসরাইলি সমাজের সমস্যা উঠে এসেছে।
 
প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই জেনারেলের সমালোচনায় বলেন, এ ধরনের বক্তব্য ক্ষোভের জন্ম দিয়েছে। তার কথার মাধ্যমে হলোকস্টকে সস্তা করে ফেলা হয়েছে এবং এসবের মাধ্যমে ইসরাইলের ক্ষতি করা হয়েছে।
 
নেতানিয়াহু বলেন, ৮০ বছর আগে নাৎসি জার্মানিতে যা ঘটেছিল তার সঙ্গে তুলনা দিয়ে ইসরাইলি সমাজের সঙ্গে অন্যায় করা হয়েছে। তার মতে এধরনের বক্তব্য কিছুতেই গ্রহণযোগ্য নয়।
 
জেনারেল ইয়াইর গোলান মন্তব্য করেন, ‘যদি কোনো কিছু আমাকে ভীত-সন্ত্রস্ত করে থাকে সেটা হল হলোকস্টের স্মৃতি, ইউরোপে যা ঘটেছিল, বিশেষ করে ৭০, ৮০ এবং ৯০ বছর আগের জার্মানিতে। এবং আজকের দিনে, ২০১৬ সালে, আমাদের মধ্যে সেই একই জিনিস দেখতে পাওয়াটাও খুব ভয়ের। বিদেশিদের ঘৃণা করার চেয়ে সহজ আর কিছু নেই... যা ভয়ের জন্ম দেয়।’ বলেন এই ইসরাইলি জেনারেল।