স্বাধীনতা কাপের পর এবার শুরু হতে যাচ্ছে ফুটবল মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপ। চলতি মাসের ১৫ তারিখেই মাঠে গড়াতে পারে এই টুর্নামেন্ট।সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটির এক সভায় এই সিদ্ধান্তগুলো নেয়া হয়।
সভা শেষে বাফুফের সিনিয়র সহ সভাপতি ও কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ১০ জুন থেকে শুরু হবে দেশের ফুটবলের সর্বোচ্চ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর।
সভায় প্রাথমিকভাবে বাংলাদেশ জাতীয় দলের আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ নিয়ে আলোচনা করা হয়। সেই পরিপ্রেক্ষিতে ক্লাবগুলো ফেডারেশন কাপ চলাকালে খেলোয়াড় ছাড়তে রাজি হয়েছে। শুধু ম্যাচ ডে-তে ক্লাবের খেলোয়াড়রা ক্লাবে যোগ দেবেন এবং ম্যাচ খেলবেন।
সালাম মুর্শেদি বলেন, ' তাজিকিস্তানের বিরুদ্ধে শক্তিশালী জাতীয় দল গঠনে ক্লাবগুলো ঐক্যমত পোষণ করেছে। তাই খেলোয়াড় ছাড়তে তাদের কোনও সমস্যা নেই। সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামী ২ ও ৭ জুনের পরেই প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।'
বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে আগ্রহী বাফুফে। ঢাকা ও চট্টগ্রামের বাইরে আরও চারটি ভেন্যুতে খেলা চালানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রাজশাহী, সিলেট, ময়মনসিংহ অথবা জামালাপুরে প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠিত করার নিয়েছে বাফুফে।
বাফুফের বেতনভুক্ত কোচ সাইফুল বারী টিটুকে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। লোডভিক ডি ক্রুইফ মে মাসের মাঝামাঝি সময়ে আসবেন। ক্রুইফের চাহিদা অনুযায়ী টিটুকে জাতীয় দলে রাখছে বাফুফে।
