যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তা সস্ত্রীক কারাগারে

আপডেট : ০৯ মে ২০১৬, ২১:০০
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুপারিন্টেন্ডেন্ট মকবুল হোসেন ও তার স্ত্রী সালেহা বেগম দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার হয়েছেন। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 
সোমবার সকালে শহরের বারান্দিপাড়ার বাসা থেকে তাদের গ্রেফতার করে দুদক। মকবুল হোসেন জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকার খালিয়া গ্রামের মরহুম রজব আলী মোড়লের ছেলে।
 
তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা জানান, গ্রেফতারকৃতদের অর্জিত সম্পদ বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ না। তাদের বিরুদ্ধে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা করা হয়। এই মামলার তদন্ত শেষে তিনি ২০১৫ সালের ১০ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে বলা হয়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দাখিলকৃত সম্পদ বিবরণীতে সর্বমোট ১৭ লাখ ৯৮ হাজার ৫২০ টাকা ৩১ পয়সার স্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। দুপুরে তাদের আদালতে নেয়া হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মৃত্যুঞ্জয় মিস্ত্রি তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।