তুষার ও শাহরিয়ার নৈপুণ্যে ব্রাদার্সের জয়

আপডেট : ০৯ মে ২০১৬, ২১:৩৭
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে লিগে তুষার ইমরানের অলরাউন্ড ও শাহরিয়ার নাফীসের অপরাজিত অর্ধশতকে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। সোমবার ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে তারা ৭ রানে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।
 
এদিন বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতে ২৪৯ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক। মেহেদি মারুফের সঙ্গে শাহনাজ আহমেদের ৫৯ রানের জুটিতে শুরুটা ভালো হয় প্রাইম ব্যাংকের। আগের ম্যাচে শতক করা সাব্বির রহমান, অধিনায়ক শুভাগত হোম চৌধুরীর দ্রুত বিদায়ে ভালো শুরুর সুবিধা নিতে পারেনি টস জিতে ব্যাট করতে নামা দলটি।
 
১০৫ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়া প্রাইম ব্যাংক প্রতিরোধ গড়ে শিহান জয়াসুরিয়ার ব্যাটে। তাইবুর রহমানের সঙ্গে তার ৬০ রানের জুটি ভাঙার পর আবার দিক হারায় দলটি।৪ উইকেটে ১৬৫ থেকে ৭ উইকেটে ১৬৭ রানে পরিণত হওয়া প্রাইম ব্যাংক আড়াইশ’ রানের কাছাকাছি যায় নুরুল হাসান ও রায়হান উদ্দিনের দৃঢ়তায়।
 
জবাবে ৪২ ওভার ৫ বলে ১৯৩ রান করে ব্রাদার্স ইউনিয়ন। এরপর বৃষ্টি নামলে এখানেই খেলার সমাপ্তি হয়। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে সে সময় জয়ের জন্য ব্রাদার্সের দরকার ছিল ১৮৭ রান।
 
লক্ষ্য তাড়া করতে নেমে ইমরুল কায়েসের সঙ্গে ৩৮ রানের জুটিতে দলকে সাবধানী শুরু এনে দেন শাহরিয়ার। দ্বিতীয় উইকেটে তুষারের সঙ্গে ৭৪ রানের জুটি উপহার দেন তিনি।
 
তুষার ফিরে যাওয়ার পর জাকির হাসানের সঙ্গে ৭৬ রানের আরেকটি ভালো জুটি গড়েন শাহরিয়ার। জাকির ফিরে যাওয়ার সময় ৯ ওভারে ৬২ রান প্রয়োজন ছিল ব্রাদার্সের। তবে বৃষ্টির হানায় ততদূর খেলা গড়ায়নি।
 
৮৪ রানে অপরাজিত থাকেন শাহরিয়ার। তার ১২৬ বলের ইনিংসটি গড়া ৮টি চার ও একটি ছক্কায়। ২৫ রানে দুই উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার জয়াসুরিয়া।