হেফাজতে ইসলাম আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করেছে: নৌ মন্ত্রী

আপডেট : ০৯ মে ২০১৬, ২১:৪২
 
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, হেফাজতে ইসলাম আন্দোলনের নামে পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে জ্বালাও-পোড়াও করেছে। হকারদের বিক্রি করতে আনা ধর্মীয় গ্রন্থ পুড়িয়েছে। হেফাজতে ইসলামের তান্ডবে সেদিন হকারদের খাট, চৌকি পুড়িয়েছে। ধর্মের দোহাই দিয়ে তারা এসব পুড়িয়েছে।
 
সোমবার রাজধানীর সেগুন বাগিচার স্বাধীনতা হলে বাংলাদেশ হকার্স লীগ আয়োজিত মহান মে দিবস ও ‘কৃষক -শ্রমিক-হকার্সদের বঙ্গবন্ধু ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোখলেছুর রহমান, সংগঠনের সাধারন সম্পাদক জাহাঙ্গীর জমাদ্দার, শেখ মোফাজ্জল হোসেন প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এমএ কাশেম।
 

শাজাহান খান বলেন, কোনো শ্রমিক সংগঠন ভালো ও বড় হতে হলে শৃঙ্খলা বোধ থাকতে হয়। ফুটপাতের হকারদেরও শৃঙ্খলার মধ্যে আসতে হবে।  তিনি প্রশ্ন রেখে বলেন, কোন দেশে হকার নেই। সব দেশে হকার্স রয়েছে। তবে উন্নত দেশে হকার্সরা শৃঙ্খলার মধ্যে রয়েছে।