শেষ ম্যাচে আরো নিখুঁত খেলবে বার্সা : এনরিকে

আপডেট : ১০ মে ২০১৬, ১০:২৩
 
মৌসুম জুরে লা লিগায় রাজত্ব করা বার্সা শেষ সময়ে কিছুটা বিপদেই আছে। তাদের থেকে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে থেকে শিরোপা ছিনিয়ে নেয়ার হুমকি দিচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। কিন্তু শিরোপাটা বার্সার প্রাপ্য এমন মন্তব্য করে দলটির কোচ লুইস এনরিকে বলেন, যত দিন আমরা শীর্ষে কাটিয়েছি তাতে লিগ শিরোপা আমাদের প্রাপ্য। আর আমি আশা করি, শেষ ম্যাচটি জিততে আমরা নিখুঁত খেলবো।
 
নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে গত রবিবার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার শেষ ধাপে আছে বার্সেলোনা। একই দিন নিজেদের মাঠে ভালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে তাদের ঠিক পেছনেই আছে রিয়াল মাদ্রিদ। শেষ রাউন্ডের ম্যাচটি জিতলেই শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসবে ৩৭ রাউন্ড শেষে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা। ৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।
 
আগামী শনিবার বার্সেলোনা তাদের শেষ ম্যাচটি খেলবে গত রবিবার সেভিয়ার মাঠে ৪-১ গোলে জিতে অবনমন এড়ানো নিশ্চিত করা গ্রানাদার মাঠে। তুলনামূলক ছোট দলের বিপক্ষে খেলা নিয়েও বেশ সতর্ক এনরিকে। তিনি বলেন, 'শিরোপা লড়াই এখনও শেষ হয়নি-আপনাদের শুধু দেখতে হবে আজ অ্যাথলেটিকোর সঙ্গে কী হয়েছে (লেভান্তের কাছে ২-১ গোলে হেরেছে তারা)। অবনমন নিশ্চিত হওয়া একটি দল স্পেন ও ইউরোপের অন্যতম সেরা দলকে হারিয়ে দিল।'
 
এনরিকে আরো বলেন, 'প্রতিপক্ষের মাঠে খেলা সব সময়ই একটা অসুবিধা, কিছু বিষয় থাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। আমরা কেবল ছোট একটি পদক্ষেপ কাছে এগিয়েছি।'
 
শেষ রাউন্ডে বার্সেলোনা আর রিয়াল দুই দলেরই উদ্বেগ থাকবে বলে মনে করেন এনরিকে। তিনি বলেন, 'এক ম্যাচে লিগ নির্ধারণ হলে উদ্বেগ থাকবে। রিয়াল মাদ্রিদও আমাদের মতো একই পরিস্থিতিতে আছে। কারণ, তারা লিগ জয়ের জন্য একটি ম্যাচ খেলছে, যেটা প্রতিপক্ষের মাঠে।'