পাবনার বিভিন্ন এলাকা থেকে ১৪ জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়েছে।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের মধ্যে পাবনা সদরে ১১ জন ও সাঁথিয়ায় তিনজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, সোমবার রাতে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন মনসুরাবাদ আবাসিক এলাকায় নাশকতার উদ্দেশ্যে বৈঠককালে ১১ জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে জিহাদি বই ও নিজামীর ফাঁসির রায় নিয়ে সমালোচনামূলক লেখা কিছু কাগজপত্র জব্দ করা হয়। আটকদের নাম জানা যায়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, একই সময়ে উপজেলার মানপুর গ্রাম থেকে তিন জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়। আটকরা হলেন, মন্টু হোসেন (৩২), জুলহাজ উদ্দিন (৩০) ও মফিজ উদ্দিন (৩৫)।
