শৃঙ্খলা ইস্যুতে কোন আপোষ নয়: মিকি আর্থার

আপডেট : ১০ মে ২০১৬, ১৩:৪৯
 
পাকিস্তানের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মিকি আর্থার। সোমবার দায়িত্ব নিয়েই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ দুটি সিরিজকে সামনে রেখে পাকিস্তানি খেলোয়াড়দের সতর্ক করে বলেছেন, শৃঙ্খলা, ফিটনেস ও ফিল্ডিং বিষয়ে কোন ধরনের আপোষ তিনি করবেন না।
 
অস্ট্রেলিয়ায় স্থায়ী ভাবে অভিবাসিত হবার আগে ২০০৫-২০১০ পর্যন্ত নিজ দেশ দক্ষিণ আফ্রিকার সফল কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আর্থার। গত মাসে টি২০ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার দায় স্বীকার করে ওয়াকার ইউনুস কোচের পদ ছেড়ে দিলে তার স্থানে নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থার।
 
নতুন র্যাঙ্কিং অনুযায়ী ওয়ানডেতে পাকিস্তানের অবস্থান নবম ও টি২০তে সপ্তম। মূলত জাতীয় দলের খেলোয়াড়দের শৃঙ্খলার অভাবকেই দলের এই ক্রমাবনতির জন্য দায়ী করা হয়েছে। আর এই বিষয়টিকে সবার আগে সামনে নিয়ে এসে ৪৭ বছর বয়সী আর্থার পার্থ থেকে টেলিফোনে দেয়া এক সাক্ষাতকারে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘শৃঙ্খলা ইস্যুতে আমি প্রয়োজনে কঠোর হতে ছাড়ব না। এই দিকটি ঠিক করতে পারলেই আমরা এগিয়ে যেতে পারবো। আমি চাই প্রত্যেকেই দলের জন্য খেলুক। আমি কোন স্বার্থপর খেলোয়াড় দলে দেখতে চাই না।
 
শৃঙ্খলা প্রশ্নে পাকিস্তানি খেলোয়াড়রা প্রায়ই নিজেদের জড়িয়ে বিভিন্ন সমালোচনার জন্ম দিয়েছে। প্রতিভাবান ওপেনার আহমেদ শেহজাদ ও মিডল অর্ডার ব্যাটসম্যান উমর আকমল জুলাইতে ইংল্যান্ড সফরেক সামনে রেখে বুট ক্যাম্পের জন্য দলে ডাক পাননি শুধুমাত্র শৃঙ্খলা ইস্যুতে। ঘরোয়া টুর্নামেন্টে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করায় কারণ দর্শানো নোটিশ পাওয়া সিনিয়র ব্যাটসম্যান ইউনিস খান শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন।
 
শুধুমাত্র শৃঙ্খলাই নয় আর্থার বলেছেন ফিটনেস ও ফিল্ডিংয়ের ব্যপারেও তিনি কোন ছাড় দিবেন না। তিনি বলেন, আমাদের বোলি ভাল, কিন্তু ব্যাটিং বিভাগকে আমাদের দারুণভাবে টেনে তুলতে হবে। এছাড়া খেলোয়াড়দের ফিটনেস খুব জরুরি। দীর্ঘ মেয়াদে একজন খেলোয়াড়কে তার ফিটনেস ধরে রাখার পন্থা জানতে হবে।
 
২০১৩ সালে মাত্র ১৯ মাস কাজ করার পরে অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন আর্থার। রিচার্ড পাইবাস, বব উলমার, জিওফ লওসন ও ডেভ হোয়াটমোরের পরে পঞ্চম বিদেশি কোচ হিসেবে আর্থার পাকিস্তানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আগামী ১৪ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ইংল্যান্ড সফরকে সামনে রেখে তিনি পাকিস্তান দলের দায়িত্ব নিবেন। এই সফরে ইংল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান। এছাড়া ডিসেম্বরে শুরু হওয়া অস্ট্রেলিয়া সফরে রয়েছে তিন টেস্ট ও ছয়টি ওয়ানডে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ছোট ফরমেটের কয়েকটি ম্যাচ রয়েছে।-বাসস।