ঝিকরগাছায় গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট : ১০ মে ২০১৬, ১৪:১৪
যশোরের ঝিকরগাছা উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিন ডাকাত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
জানা গেছে, সোমবার দিনগত রাতে উপজেলার খ্রিস্টানপাড়ায় একদল ডাকাত একটি গির্জার মালামাল লুণ্ঠন করেন। মঙ্গলবার ভোরে ডাকাতির ওই মালামাল ভাগবাটোয়ারা করার সময় গ্রামবাসী সংগঠিত হয়ে চার ডাকাতকে ধরে ফেলে। পরে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই লালু ডাকাতের মৃত্যু হয়। আহত হয় বাকি তিনজন। লালু মেহেরপুর উপজেলার বাসিন্দা। আহতরা হলেন, ফরিদপুরের চরকৃষ্ণপুর গ্রামের আমিরুল ও মনিরুল এবং মাদারিপুরের দক্ষিণ কামারকান্দি গ্রামের সুজন। আহতদের প্রথমে ঝিকরগাছা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদের যশোর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়।
 
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, দেড় লক্ষ টাকার মধ্যে শুধু ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও আটকে অভিযান চলছে।