মানবিক দিক বিবেচনা করে বোলার শাহাদাতের ওপর ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার পর এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো। বর্তমানে তিনি জামিনে আছেন।
গত বছরের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন খন্দকার মোজাম্মেল হক। এই মামলায় আত্মসমর্পণ করে গত ১২ ডিসেম্বর থেকে জামিনে রয়েছেন শাহাদাত।
আদালতের একটি নির্দেশনার কথা জানিয়ে শাহাদাত জাতীয় ক্রিকেট লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগ খেলার অনুমতি চেয়েছিলেন। কিন্তু আদালতের নির্দেশনা ‘স্পষ্ট’ নয় বলে তাকে লিগ খেলার অনুমতি দেয়নি বিসিবি।
গত ২৮ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন শাহাদাত।
