খালেদার দুটি আবেদনের শুনানি শেষ, আদেশ রবিবার

আপডেট : ১০ মে ২০১৬, ১৬:৪৩
 
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তার পুনরায় সাক্ষ্য গ্রহন এবং তদন্তের নথি তলবের আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা রিভিশন মামলার শুনানি মঙ্গলবার শেষ হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চে শুনানি শেষে আগামী রবিবার আদেশের জন্য দিন ধার্য রেখেছেন। খালেদা জিয়ার পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদক কৌসুলি খুরশীদ আলম খান শুনানি করেন।
 

গত ১৭ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার খালেদা জিয়ার দুটি আবেদন খারিজ করে দেন। ওই খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা করেন খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক।