রাজনৈতিক মতাদর্শ প্রচারের অভিযোগ অস্বীকার করল ফেসবুক

আপডেট : ১০ মে ২০১৬, ১৬:৪৫
বিশেষ কোন রাজনৈতিক মতাদর্শের পক্ষ নেয়ার অভিযোগ অস্বীকার করেছে ফেসবুক। এর আগে ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিশ্বব্যাপী রক্ষণশীল মতামতকে দমন করে নিজেদের পছন্দমত বিষয়গুলোকে 'ফেসবুক ট্রেন্ড' বানাচ্ছে তারা।
 
প্রযুক্তি সংক্রান্ত খবরের সাইট গিজমোডো জানিয়েছিল, বিশ্বব্যাপী ১৬০ কোটি ব্যবহারকারীদের ফেসবুক কর্মকর্তারা সেটাই দেখায় যেটা তাদের নিজেদের মতাদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আর ফেসবুকের কর্মীরা যেসব বিষয়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন সেগুলো ব্যবহারকারীদের হোম পেজে যেতে বাধা দেয়া হয়।
 
এর জবাবে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয় 'ফেসবুক ট্রেন্ড নিয়ে কারো প্রতি পক্ষপাতিত্ব করার কোন প্রমাণ পাওয়া যায়নি।' তবে 'লাঞ্চ বা ডিনার' এর মত তুচ্ছ বিষয়গুলো যেন ট্রেন্ডে পরিণত হতে না পারে তাই বহুল আলোচিত বিষয়গুলোকে কর্মীদের দিয়ে ট্রেন্ড হিসেবে বাছাই করা হয়।
IMG0
মার্ক জাকারবার্গ প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করার কয়েকদিনের মধ্যে ফেসবুকের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ তোলা হয়।
IMG1
৩১ বছর বয়সী জাকারবার্গ ফেসবুকের ডেভেলপার সম্মেলনে ট্রাম্পের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, 'আমি এমন ভয়ঙ্কর কণ্ঠ শুনতে পাই যারা মানুষকে পর্‌ করে দিতে চায়।' মেক্সিকো সীমান্তে ট্রাম্পের দেয়াল তোলার পরিকল্পনারও সমালোচনা করেছিলেন জাকারবার্গ। সূত্র: বিবিসি