নোমান রবিনের নির্দেশনায় কিশোর পলাশের মিউজিক ভিডিও

আপডেট : ১০ মে ২০১৬, ১৮:০৪
চার বছর পর কিশোর পলাশের ভাঙ্গা তরী ছেঁড়া পাল শিরোনামের মৌলিক গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও নির্মাণ করলেন চলচিত্র পরিচালক নোমান রবিন। গানটির সংগীতায়োজন করেছেন এফ এ সুমন।
 
গানটির কোন অফিসিয়াল মিউজিক ভিডিও না থাকায় এখনও বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় বলে জানান কিশোর পলাশ। তিনি বলেন, পাইরেসিজনিত কারণে ইন্টারনেট ও মানুষের মোবাইল ফোনে বিভিন্ন শিল্পীর নামে চলছে তার গান আর এটাই প্রধান সমস্যা।
 
তাই এবার মিউজিক ভিডিও দিয়ে নিজের মৌলিক গানের স্বত্ব জানান দিতে চান এ শিল্পী।
এ প্রসঙ্গে নিমার্তা নোমান রবিন বলেন, আমি হেটেছি, দেখেছি এবং যেখানেই গিয়েছি, উপলব্ধি করেছি বিভিন্ন স্থানে বিভিন্ন পেশার মানুষ ভাঙ্গা তরী ছেঁড়া পাল গানটি শুনছে যার যার স্ব ভঙ্গিমায়। আর তাই স্বরুপে গিয়ে যা যা দেখেছিলাম আমি ঠিক তাই নির্মাণ করেছি এই মিউজিক ভিডিওতে। আশা করি দর্শকদের ভাল লাগবে।
 
উল্লেখ্য, অ্যালবামে গান করার পাশাপাশি প্লেব্যাকেও কণ্ঠ দিয়েছেন তিনি। আকিব পারভেজ ও মাশরুর পারভেজ জিবরান পরিচালিত 'অদৃশ্য শত্রু', রাশিদ পলাশের 'নাইওর', 'অন্যপথ' শিরোনামের সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
এছাড়া আ খ ম হাসানের পরিচালনায় টেলিফিল্ম 'ছেড়াঁ পাল', সোয়েব সাদিক সজীব এর পরিচালনায় বাসন্তি টি ষ্টল এর সূচনা সঙ্গীতে এ কণ্ঠ দেন তিনি। সুজন বড়ুয়ার ধারাবাহিক নাটক 'সংসূত্র' এর টাইটেল সং এবং শিশির মাহমুদ ও এফ কিউ পিটার পরিচালিত ধারাবাহিক নাটক 'ভাঙ্গা তরী'এর টাইটেল সং এ কণ্ঠ দিয়েছেন এই জনপ্রিয় সংগীত শিল্পী।