জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আয়োজন চুড়ান্ত

আপডেট : ১০ মে ২০১৬, ১৮:৫৪
 
আগামীকাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ অনুষ্ঠান। দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় সম্মাননার এই আসর নিয়ে তাই তারকাদের ভেতরে কৌতুহল প্রস্তুতিরও কমতি নেই।
আগামীকাল ১১ মে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আসর অনুষ্ঠিত হবে । অনুষ্ঠানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের পুরস্কার প্রদানের পাশাপাশি মঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
তবে অনুষ্ঠানে গানের পারফর্মেন্সের প্রাথমিক তালিকা থাকলেও অবশেষে এই অনুষ্ঠানে গান গাইবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ, ফাহমিদা নবী, চন্দন সিনহা ও কৌশিক হোসেন তাপস।
 
এছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে এবার নাচবেন নতুন বেশ কয়েকটি জুটি। ওমর সানীর সঙ্গে নাচবেন ভাবনা, অমিত হাসানের সঙ্গে আলিশা প্রধান, নিরবের সঙ্গে আইরিন ও অমৃতার সঙ্গে মঞ্চে নাচবেন রোজ। এছাড়া কোনো জুটি ছাড়া একাই নাচবেন পরীমনি। ১০ মিনিটের ফিউশন নাচের আয়োজনে একের পর এক তারা পারফর্ম করবেন চলচ্চিত্রের জনপ্রিয় ২১টি গানের সঙ্গে নাচবেন তারা।
 
আর এ উপলক্ষে গত তিনদিন ধরে এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশনে চলছে নাচের মহড়া। একে একে সবাই অংশ নিয়েছেন মহড়ায়। আজ বিকেল থেকে মহড়া চলছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। রাতে মহড়া শেষে কালই চূড়ান্ত আয়োজনে নাচবেন তারা। কোরিওগ্রাফি করছেন মাসুম বাবুল। অনুষ্ঠান উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ।