দেশের আরো ১৭টি জেলা সদরে আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ করা হবে। এ লক্ষ্যে ১০৭ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সরকারের নিজস্ব অর্থায়নে চলতি বছর কাজ শুরু হয়ে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে এই অফিসগুলো নির্মাণের লক্ষ্য রয়েছে।
জেলা সদরগুলো হলো, লক্ষীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সুনামগঞ্জ, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, ভোলা এবং বরগুনা জেলা সদর।
মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভায় ৫ হাজার ৭২৭ কাৈটি টাকা ব্যয়ে মোট ৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
